ইংরেজি শব্দভাণ্ডার যেভাবে সমৃদ্ধ করবেন

ইংরেজি শেখার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শব্দভান্ডার (Vocabulary) সমৃদ্ধ করা। অনেকেই ব্যাকরণ জানেন, বাক্য গঠন করতে পারেন, কিন্তু প্রয়োজনীয় শব্দের অভাবে নিজের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন না। তাই ইংরেজি ভাষায় দক্ষ হতে হলে শব্দভান্ডার বৃদ্ধির জন্য একটি সঠিক ও কার্যকর পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।

 

প্রথমত, নিয়মিত ও প্রাসঙ্গিকভাবে শব্দ শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিনে ৫০–১০০টি শব্দ মুখস্থ করার চেয়ে প্রতিদিন ৫–১০টি প্রয়োজনীয় শব্দ শেখা অনেক বেশি ফলপ্রসূ। শব্দ শেখার সময় শুধু অর্থ মুখস্থ না করে শব্দটি দিয়ে ২–৩টি বাক্য তৈরি করার চেষ্টা করুন। এতে শব্দটি দীর্ঘদিন মনে থাকবে এবং বাস্তব কথোপকথনে ব্যবহার করা সহজ হবে।

 

দ্বিতীয়ত, পড়ার অভ্যাস গড়ে তুলুন। সহজ ইংরেজি গল্প, সংবাদ, ব্লগ বা শিশুতোষ বই দিয়ে শুরু করা যেতে পারে। পড়ার সময় অচেনা শব্দ দেখলে সঙ্গে সঙ্গে ডিকশনারিতে না দেখে আগে বাক্যের অর্থ থেকে শব্দটির অর্থ অনুমান করার চেষ্টা করুন। পরে ডিকশনারি দেখে নিশ্চিত হলে সেই শব্দটি একটি নোটবুকে লিখে রাখুন। অথবা, অনেক মোবাইল ডিকশনারি অ্যাপ আছে যেখানে শব্দ দেখলে সেগুলো সার্চ হিস্ট্রিতে লিস্ট আকারে থাকে। সেই সার্চ হিস্ট্রি কয়েকদিন পরপর রিজাইজ দিতে পারেন।  

 

তৃতীয়ত, শোনা ও দেখা (Listening & Watching) শব্দভান্ডার বৃদ্ধির একটি অত্যন্ত কার্যকর উপায়। ইংরেজি ভিডিয়ো, ইউটিউব টিউটোরিয়াল, ডকুমেন্টারি বা সাবটাইটেলসহ মুভি দেখলে শব্দের সঠিক উচ্চারণ ও ব্যবহার একসাথে শেখা যায়। এতে শব্দ শেখা একঘেয়ে না হয়ে বরং উপভোগ্য হয়ে ওঠে।

 

চতুর্থত, ব্যবহার ছাড়া শব্দের মূল্য নেই—এই কথাটি সবসময় মনে রাখুন। নতুন শেখা শব্দ দিয়ে প্রতিদিন ছোট ছোট বাক্য লিখুন, ডায়েরি লিখুন বা নিজে নিজে কথা বলার অভ্যাস করুন। চাইলে অনলাইন স্পোকেন ইংলিশ গ্রুপ বা একজন প্রশিক্ষকের সঙ্গে ওয়ান-টু-ওয়ান অনুশীলন করতে পারেন।

 

সবশেষে, ধৈর্য ও ধারাবাহিকতা সফলতার মূল চাবিকাঠি। শব্দভান্ডার একদিনে বড় হয় না। এটা দীর্ঘমেয়াদি কাজ। নিয়মিত চর্চা, সঠিক কৌশল এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে আপনার ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ হবে—আর আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলাও হয়ে উঠবে সহজ ও স্বাভাবিক।

 

ইংরেজি শেখা কোনো দৌড় নয়; এটি একটি সুন্দর যাত্রা। সঠিক পথে এগোলে সফলতা নিশ্চিত।